নিয়োগে ‘অনিয়ম’: শরীয়তপুরে সিভিল সার্জন অফিসে দুদকের হানা
নিয়োগে অনিয়মসহ সিভিল সার্জন অফিসের বিষয়ে অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে দুদক কর্মকর্তা আখতারুজ্জামান জানান।
নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরে সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান হয় বলে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, “গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে ৩৭টি নিয়োগের বিপরীতে ১০ হাজার ৭১৩ প্রার্থী লিখিত পরীক্ষা দেন। পরদিন থেকেই শুরু হয় মৌখিক পরীক্ষা।
এতে জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে উত্তীর্ণ হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করেন নুসরাত জাহান নামে এক নারী।
দুদকের কাছে অভিযোগ আসে, লিখিত পরীক্ষায় অন্য সাতজন চাকরি প্রত্যাশী নুসরাত জাহানের চেয়ে বেশি নম্বর পেয়েও মৌখিক পরীক্ষায় সবাইকে অকৃতকার্য করে একমাত্র ওই নারীকেই কৃতকার্য করা হয়।
নুসরাতের নিয়োগে অনিয়মের অভিযোগসহ সিভিল সার্জন অফিসের বিষয়ে অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে দুদক কর্মকর্তা আখতারুজ্জামান জানান।
এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “সম্প্রতি একটি চাকরি পরীক্ষায় নুসরাত জাহান নামের এক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় নম্বর কম পেয়েও পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া তিনি যে কর্মস্থলে যোগ দিয়েছেন, তার স্বামীও একই ডিপার্টমেন্টে চাকরিরত আছেন। তিনি তার বাবার ঠিকানা ব্যবহার করে আবেদন করেছিলেন। আমরা সবগুলো অনিয়ম খতিয়ে দেখছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।”
