১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রায় সোয়া ১ ঘণ্টার এ অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ কারখানার শ্রমিকরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় এই অবরোধ করেন স্থানীয় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ কারখানার শ্রমিকরা। 

প্রায় সোয়া ১ ঘণ্টার এ অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মো. মনিরুল ইসলাম। 

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, কারখানার মালিক পক্ষ দুই মাস ধরে তাদের বেতন দিচ্ছে না। এতে কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া জমা পড়েছে। 

কিন্তু এ মাসে তাদের মাত্র ছয় হাজার টাকা বেতন দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে তারা ঘর ভাড়া দেওয়া থাক দূরের কথা, ভাত পর্যন্ত খেতে পারছেন না। 

শ্রমিকরা অভিযোগ করেন, তাদের কথা কেউ ভাবে না। তারা মালিকদের কাজ করেন, কিন্তু তারা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালান সেটা কেউ ভাবে না। তাই বাধ্য হয়েই ন্যায্য পাওনার দাবিতে তারা মহাসড়কে নেমেছেন। 

বকেয়া বেতনের দাবিতে চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ কারখানার শ্রমিকরা। 

বকেয়া বেতনের দাবিতে চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ কারখানার শ্রমিকরা।

পরে পৌনে ১১টায় প্রশাসনের হস্তপেক্ষে ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকায় অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা।

শুক্রবার কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সঙ্গে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন বলেন, “শুক্রবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করব বলে আশ্বস্ত করি। আমাদের কথার উপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, “তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। শুক্রবার জুম্মার দিন, এর মধ্যে মহাসড়কের যানজট নিরসনে আমাদের নেতাকর্মীরা কাজ করছে।”

হাইওয়ে পুলিশের এসআই মো. মনিরুল ইসলাম বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়।”

প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজট হলেও হাইওয়ে পুলিশের চেষ্টায় বিকালের মধ্যেই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় বলে জানান এসআই মনিরুল।