নাটোরে ছাত্রলীগের কমিটির জেরে গুলি ও ভাঙচুরের অভিযোগ
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি।
নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখার ছাত্রলীগ কমিটি ঘোষণার জেরে গুলি ছোড়া ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে এ ঘটনার পর পুলিশ সেখানে যায় বলে জানান, নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহমেদ।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ।
পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদ বিন জাকির বলেন, “গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত প্যাডে এক বছরের জন্য ওই কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
“প্রকৃত ছাত্রলীগ কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণার প্রতিবাদে বুধবার সকালে কলেজের মূল ফটকে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা।”
সাদ বিন জাকির আরও বলেন, পরে হাফরাস্তা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকে তারা।
এ সময় ফরহাদ তার সমর্থকদের নিয়ে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েন ও ডলারের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন বলে অভিযোগ করেন সাদ বিন জাকির।
অভিযোগ অস্বীকার করে ফরহাদ বলেন, “যোগ্যদের নিয়েই কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছিল।”
এ সময় তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালান অভিযোগ করে তিনি বলেন, “তখন আমার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। কার্যালয় ভাঙচুর ও গুলি ছোড়ার অভিযোগ সত্য নয়।”
এ ব্যাপারে জানতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের ব্যবহৃত ফোন নম্বর একাধিকবার কল করার পরও তার সাড়া মেলেনি।
জানতে চাইলে ওসি নাছিম আহমেদ বলেন, ভাঙচুর ও গুলি বর্ষণের কথা শুনে তারা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। এছাড়া গুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, দুপুরে ওই কলেজে গিয়ে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যায়। কলেজে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিকে টহল দিতে দেখা যায়।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, কমিটি ঘোষণার জেরে কলেজে একটু উত্তেজনার সৃষ্টি হয়। সকালের দিকে পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল, এখন শান্ত আছে।
