২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অবৈধ বালু উত্তোলনে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

দীর্ঘদিন ধরে তিন আসামি বাঙালি নদীর বিলচাপড়ী সেতুর নীচ থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 01:11 AM

Updated : 02 Aug 2023, 12:48 PM

বগুড়ার ধুনট উপজেলার বাঙালি নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলে বাণিজ্যের অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা আব্দুস শুকুর বাদি হয়ে ধুনট থানায় এ মামলা করেন বলে জানান ওসি রবিউল ইসলাম।

মামলার আসামিরা হলেন-বিলচাপড়ি গ্রামের এলাঙ্গী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোমিন (৩৫), একই গ্রামের রবিউল ইসলাম উৎসব (৪০) এবং আব্দুল আলীম (৪২) ।

মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুল মোমিন, রবিউল ইসলাম উৎসব ও আব্দুল আলীম দীর্ঘদিন ধরে বাঙালি নদীর বিলচাপড়ী সেতুর নীচ থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্য করছেন। ফলে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে।

অব্যাহত ভাঙনের ফলে নদী পাড়ের জনবসতি, আবাদি জমিসহ বিভিন্ন ধরনের অবকাঠামো ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া ভাঙনের ঝুঁকিতে পড়েছে বাঙালি নদীর উপর নির্মিত বিলচাপড়ী সেতুটিও।

এর ধারাবাহিকতায় প্রায় ১ সপ্তাহ আগে থেকে আসামিরা বাঙালি নদীর বিলচাপড়ি সেতুর উত্তর ও দক্ষিণ পাশে খননযন্ত্র বসিয়ে ফের অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) নরুল আমিনের নেতৃত্বে রোববার ভ্রাম্যমান আদালত বালু উত্তোলনের স্থানে অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী ও বালু শ্রমিকেরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় সেখান থেকে বালু তোলার কাজে ব্যবহৃত চারটি শ্যালো মেশিন জব্দ করে এলাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হকের জিম্মায় রাখা হয়।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।