সিলেটে টিলা ধসে শিশুর মৃত্যু
খাদিম চা বাগান বস্তি লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিলেট সদর উপজেলায় টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার খাদিম চা বাগান বস্তি লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান।
নিহত ১১ বছর বয়সী অর্চনা ছত্রী এলাকার বুলবুল ছত্রীর মেয়ে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান শামীম সাংবাদিকদের বলেন, “অর্চনাদের ঘরটি ছিল একটি টিলার পাদদেশে। ভারী বৃষ্টিতে সেই টিলা ধসে রাত সাড়ে ৩টার দিকে তাদের ঘরের উপর পড়ে। অর্চনা ঘটনাস্থলেই মারা যায়।
সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদরের ইউএনও নাছরীন আক্তার বলেন, শিশুটির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে।'
