হাম: সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ২০০
প্রাণ হারানো ২০০ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণ গেছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে এই তিন শিশুর মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর বয়সি আব্দুল্লাহ আল সাফওয়ান সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে; নয় মাস বয়সি জিসান আহমেদ একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মকবুল হোসাইনের ছেলে এবং অপরজন তিন মাস ২৪ দিন বয়সি জায়ান হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানান হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ২০০ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ১১৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
