কিশোরগঞ্জে ‘প্রক্সি’ দেওয়ার সময় নারী পোলিং কর্মকর্তা আটক
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী সালমা খাতুনের পরিবর্তে তার পুত্রবধূ হালিমা খাতুন পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।
তৃতীয় ধাপে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে অন্য একজনের পক্ষে পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে গিয়ে এক নারী আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জাওয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে আটক করা হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন জানান।
তিনি বলেন, ওই কেন্দ্রে নির্ধারিত পোলিং কর্মকর্তা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী সালমা খাতুনের পরিবর্তে তার পুত্রবধূ হালিমা খাতুন পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।
তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
“এ সময় লাঙল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম ভূঞা শাহীন ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. গিয়াস উদ্দিন লাকী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং দুই পক্ষকে নিবৃত্ত করে ও সরিয়ে দেয়।“
বর্তমানে নির্বাচনি এলাকার সর্বত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
