বরিশালে এবার মঙ্গল শোভাযাত্রা একটি
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, চারুকলা বরিশাল, উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল নাটক সমন্বিতভাবে একটি মঙ্গল শোভাযাত্রা বের করবে।
বাংলা নববর্ষ উদযাপনে বরিশাল নগরীতে অন্যান্যবার একাধিক মঙ্গল শোভাযাত্রা হলেও এবার হবে একটি।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আহবানে এ সিদ্ধান্ত হয় বলে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্টরা জানান।
সাংস্কৃতিক সংগঠক সৈয়দ দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়রের আহ্বানে একটি মঙ্গল শোভাযাত্রা হবে। গত কয়েক বছর ধরে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের সামনে থেকে ও চারুকলা বরিশাল নগরীর সদর রোড সিটি কলেজের সামনে থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করে আসছিল।
“এ বছর সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, চারুকলা বরিশাল, উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল নাটক সমন্বিতভাবে একটি মঙ্গল শোভাযাত্রা বের করবে।”
সৈয়দ দুলাল বলেন, শোভাযাত্রা একটি হলেও অনুষ্ঠান আলাদাভাবে হবে। সকল সংগঠন সম্মিলিতভাবে মঙ্গল শোভাযাত্রা করবে। ১লা বৈশাখ সকাল ৮টায় বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। পরে হাসপাতাল রোড ও লাইন রোড হয়ে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হবে।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, চারুকলা বরিশাল ও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে। বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ে নববর্ষের প্রভাতী অনুষ্ঠান শিরোনোমে এর আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
সকাল ৭টায় নগরীর অশ্বিনী কুমার হলে বর্ষবরণ অনুষ্ঠান করবে খেলাঘর বরিশাল।
চারুকলার আয়োজনে সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বরে হবে মঙ্গল শোভাযাত্রার সমাপনী এবং জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হলে চিত্রকর্ম প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে চারুকলা বরিশাল। ব্রজমোহন বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা করবে উদীচী। দিনভন ব্রজমোহন বিদ্যালয় মাঠে হবে বৈশাখী মেলা।
উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সভাপতি সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার সম্মিলিতভাবে একটি শোভাযাত্রা বের করা হবে। তবে ব্রজমোহন বিদ্যালয় মাঠে উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলা হবে।
চারুকলা বরিশালের সংগঠক সুশান্ত ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারুকলার আয়োজনে বরিশাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটকের সহযোগিতায় একটি শোভাযাত্রা বের করা হবে। চারুকলার আয়োজনে দিনভর লোকজ শিল্প প্রদর্শনী হবে অশ্বিনী কুমার হলে।
এ আয়োজনের সংগঠকরা মুক্তচিন্তার সবাইকে শোভাযাত্রাসহ সব অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
