খুলনায় ঝড়ের রাতে গাছচাপায় ঘুমন্ত শ্রমিকের মৃত্যু
সকালে গাছ কেটে ঘর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনার বটিয়াঘাটা উপজেলায় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে ঘুমন্ত এক শ্রমিক মারা গেছেন।
সোমবার সকালে গাছ কেটে ঘর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার।
রোববার রাতে উপজেলার সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাওঘরা গরিয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
নিহত লাল চাঁদ মোড়ল (৩৬) ওই গ্রামের গহর মোড়লের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান এস কে জাকির হোসেন বলেন, লাল চাঁদ ঝড়ের রাতে নিজ ঘরে শুয়ে ছিলেন। ঘরের পাশে একটা বড় জামগাছ ছিল। ঘরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। ঝড়ে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে চাপা পড়ে তিনি মারা যান।
লাল চাঁদের স্ত্রী এবং সন্তান শ্বশুরবাড়ি থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন বলে জানান তিনি।
ওসি রিপন কুমার সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে লাল চাঁদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবার সৎকারের ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন:
