কামারখন্দে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ওই নারী কামারখন্দ এলাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন বলে জানান স্থানীয় স্টেশন মাস্টার।
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার হালুয়াকান্দি গ্রামের ঈদগা মাঠের কাছে রেলপথে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত ফারজানা আক্তার (৪০) পাবনার সুজানগর উপজেলার সাবির ভিটা এলাকার কিরণ মিয়ার স্ত্রী।
স্থানীয় জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার প্রভাত কুমার দাস জানান, ওই নারী কামারখন্দে এক আত্মীয়ের বাড়ি থেকে পাবনায় ফিরছিলেন। গ্রামের রাস্তার মাঝে রেল ক্রসিং পার হতে গিয়ে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন।
ওসি মাহবুবুর বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
