চুয়াডাঙ্গায় দোকানে বেচাকেনায় বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত ২
ক্রেতা ও বিক্রেতার পক্ষের কথা কাটাকাটির মধ্যে ছুরিকাঘাতে আহত হন সজল ও মামুন; পরে তাদের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় কাপড় বেচাকেনা নিয়ে ক্রেতা ও দোকানির কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে দুই যুবক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজেদ হোসেনের ছেলে মোহাম্মদ সজল (২৪) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মামুনুর রহমান (২৫)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়রাডাঙ্গা গ্রামের ছামেনা খাতুন ভালাইপুর বাজারের আশরাফুল হকের দোকানে কাপড় কিনতে যান। কাপড়ের দরদাম নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দোকানি ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেন। ছামেনা খাতুন বিষয়টি ছেলে টিপু সুলতানকে জানালে তিনি তার বন্ধু সজল ও মামুনকে নিয়ে ওই দোকানে যান। তখন দুপক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে দোকানির পক্ষের লোকজনের ছুরিকাঘাতে সজল ও মামুন জখম হন।”
স্থানীয়রা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রহমানও মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক হাসানুজ্জামান জানান, দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। এদের মধ্যে সজল হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুনুর রহমান।
পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
