সাতক্ষীরায় চলন্ত ইট ভাঙা মেশিন থেকে পড়ে চালকের মৃত্যু
৩৫ বছরের শাবুর আলী শ্যালো ইঞ্জিন চালিত মেশিনে ইট ভেঙে খোয়া তৈরির কাজ করতেন।
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক পার হতে যাওয়া শিশুকে রক্ষা করতে গিয়ে চলন্ত ইট ভাঙার মেশিনের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কলারোয়া থানার ওসি মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
নিহত শাবুর আলী যশোর জেলার শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে। ৩৫ বছরের শাবুর আলী শ্যালো ইঞ্জিন চালিত মেশিনে ইট ভেঙে খোয়া তৈরির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কলারোয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার-এসও হুমায়ুন কবির জানান, বুধবার সকালে শাবুর তার ইট ভাঙার মেশিনটি চালিয়ে যাওয়ার সময় খাদ্য গোডাউন মোড়ে আসলে একটি বাচ্চা রাস্তা পার হওয়ায় চেষ্টা করে।
বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে মেশিনটির নিয়ন্ত্রণ হারান শাবুর। এতে তিনিসহ মেশিনটি সড়কে উল্টে যায়। এ সময় ইট ভাঙার মেশিনটি শাবুরের মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ওসি মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে বাঁচাতে খোয়াভাঙ্গা মেশিনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে মারা যান। খবর পেয়ে মেশিনটি সরিয়ে নিহতের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
