২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিহত

ওসি মোল্লা সোহেব বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিতে ভিজে রশিটি দুর্বল হয়ে গিয়েছিল।”

মুন্সীগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিহত

মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুস সোবহান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 05:44 PM

Updated : 12 Aug 2023, 05:44 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ভবনে রং করার সময় রশি ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার বাউশিয়া ওষুধ শিল্প পার্কে এ ঘটনা ঘটে বলে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব জানান।  

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) এবং একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি ওষুধ কোম্পানির পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রশি লাগিয়ে দুই শ্রমিক রংয়ের কাজ করছিলেন। তাদের সাহায্য করছিলেন ভবনের ছাদে থাকা আরেক শ্রমিক।

সকাল সাড়ে ৮টার দিকে রশি ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যায়। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরশাদ কবির বলেন, “সকাল ৯টার দিকে দুজনকে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।”

ওসি মোল্লা সোহেব বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিতে ভিজে রশিটি দুর্বল হয়ে গিয়েছিল।”

এ ব্যাপারে চেষ্টা করেও ভবন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।