Published : 11 Feb 2023, 12:32 AM
বান্দরবানের রুমায় দুর্গম এলাকায় এক পাহাড়ি যুবকের অর্ধগলিত লাশ পাওয়া গেছে, যাকে একদল সশস্ত্র ব্যক্তি পাঁচ দিন আগে তুলে নিয়েছিল বলে স্থানীয়রা জানান।
রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেওক্রাডং-দার্জিলিংপাড়া সড়কের হারমন পাড়ায় লাশটি পাওয়া যায়।
নিহত ব্যক্তিকে লালরামচন বম (৪৩) বলে একটি পরিবারের সদস্যরা দাবি করলেও পুলিশ এ পরিচয় নিশ্চিত করতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেক পাড়া গীর্জায় প্রার্থনা চলাকালে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা লালরামচন বম, তার বাবা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে।
পরে তার বাবা ও স্ত্রীসহ চারজনকে গভীর রাতে ছেড়ে দিলেও লালরামচম বমকে ছাড়েনি। তখন থেকেই তার খোঁজ ছিল না।
লালরামচমের পরিবারের দাবি, উদ্ধার হওয়া লাশ লালরামচন বমের। তিনি বগালেক পাড়ার বাসিন্দা সাংলিয়াম বমের বড় ছেলে এবং পর্যটন স্পট বগালেক পাড়ায় কটেজ ও খাবার হোটেল ব্যবসা করেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি এক সময় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করতেন। চার বছর আগে রাজনীতি নিষ্ক্রিয় হওয়ার পর কটেজ ও খাবার ব্যবসা শুরু করেন।
রুমা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারে সদস্যরা অর্ধগলিত এই ব্যক্তিকে লালরামচম বম বলে দাবি করলেও তার পরিচয় এখনও নিশ্চিত নয়।
লাশ ময়নাতদন্তের জন্য শনিবার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে এবং অন্যান্য আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।