মহালছড়িতে ভ্রাম্যমাণ আদালতে সাজা, ইউএনওর অপসারণ দাবি ব্যবসায়ীদের
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় একটি বাজারের এক ব্যবসায়ীকে পাহাড় কাটার অভিযোগে সাজা দেওয়ার পর ইউএনওর অপসারণ করেছেন ব্যবসায়ীরা।
এই দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি বুধবার ১২ ঘণ্টা বাজার বন্ধ রাখার কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীরা জানান, রোববার গভীর রাতে ২৪ মাইল এলাকায় একটি পাহাড় থেকে মাটি কেটে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তার দোকানে মাটি ভরাট করার অভিযোগ ওঠে। ওই অভিযোগে মঙ্গলবার ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে সাত দিনের জেল দেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ অভিযোগ করে বলেন, “ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের উপর অহেতুক জরিমানা করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।”
বুধবার সন্ধ্যায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মহালছড়ির ইউএনও জোবাইদা আক্তারকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।
