২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণে হুমায়ূন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের পিরুজালী গ্রামে নুহাশ পল্লীতে নানা আয়োজনে তাকে স্মরণ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 02:27 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

মঙ্গলবার বেলা ১১টায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার দুই ছেলে নিশাত ও নিনিত হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। 

হুমায়ূনের ভক্ত, হিমু পরিবহনের সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতরাও এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাওন জানান, দ্রুতই হুমায়ূন স্মৃতি যাদুঘর নূহাশ পল্লীতে নির্মাণ করা হবে।

তিনি বলেন, “হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার। সেটা একার পক্ষে সম্ভব না হলেও তার স্মৃতিতে যাদুঘর নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব। আশা করছি, শীঘ্রই কাজ শুরু করতে পারব।”

এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি ও অন্য প্রকাশের স্বত্তাধিকারী মাজহারুর ইসলাম বলেন, হুমায়ূন আহমেদের স্মৃতি ধরে রাখতে সরকারি, বেসরকরি আথবা পারিবারিক উদ্যোগে স্মৃতি যাদুঘর প্রতিষ্ঠা করা জরুরি। এ উদ্যেগে তারা পাশে থাকবে।

এদিকে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নুহাশ পল্লীতে স্থানীয় দুইটি মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে শাওন ও তার দুই ছেলে এতিমদের প্লেটে খাবার তুলে দেন।