ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
ময়মনসিংহ সদরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার রহমতপুর এলাকার আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে এবং রোববার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।
নিহত আমিরুল ইসলাম (৩৮) আজমতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি শাহ কামাল বলেন, নিহত আমিরুল মাদকসেবী ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় রাতেই প্রতিবেশীর বাড়িঘরে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতেন।
“গত রাতেও একই কাজ করেন। ক্ষুব্ধ প্রতিবেশীরা আমিরুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নেন। সকালে আমিরুলের মরদেহ স্থানীয় বাজারে একটি বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় আছে বলে পুলিশ খবর পায়।”
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
তবে আটক তিনজনের বিষয়ে এখনই কোনো তথ্য দিতে নারাজ পুলিশ।
মামলার পর আটকদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে ওসি শাহ কামাল জানান।
