২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে বিতণ্ডা, বল্লমের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সালিশ বৈঠকে বাকবিতণ্ডার জেরে বল্লমের আঘাতে আহত এক ব্যক্তি মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 02:52 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

রোববার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে শাহ আলম নামের ওই ব্যক্তি মারা যান বলে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান।

৩৫ বছর বয়সী শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতলী গ্রামের মালেক সরদারের ছেলে।

তার চাচাতো ভাই কামাল মিয়া বলেন, “শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মিমাংসা করতে শনিবার রাতে জাহের মিয়ার উঠানে সালিশ ডাকা হয়।

সালিশে জিয়া নামে একজনকে উপস্থিত না দেখে শাহ আলম এর কারণ জিজ্ঞাস করেন। এনিয়ে সফর, সাঈদুল, ছুট্টু ও আরাফাতের সঙ্গে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে; এতে শাহ আলমের একটি চোখে বল্লমের আঘাত লাগে।”

পুলিশ জানায়, শাহ আলমকে গুরুতর অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আমিনুর বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং একজনকে আটক করে।