নেত্রকোণায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌকার যাত্রী নিখোঁজ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর থেকে নৌকার এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামের সোমেশ্বরী নদীতে শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান।
নিখোঁজ উজ্জ্বল হোসেন (২৮) ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
ওসি বলেন, দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরি ঘাট থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশ্য ছেড়ে যায়। পথে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকার সব যাত্রী ছিটকে নদীতে পড়ে যায়৷
তখন অন্য নৌকার যাত্রী ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন উজ্জ্বল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও হদিস না পেয়ে এলাকার লোকজন থানা ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
শনিবার সকাল পর্যন্ত উজ্জ্বলের কোনো সন্ধান মেলেনি বলে পূর্বধলা ফায়ার স্টেশন অফিসার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই। জামালপুর থেকে আসা ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।”
