ভোলায় সুপারি বাগানে এসএসসি পরীক্ষার্থীর লাশ
ভোলা সদর উপজেলায় বাড়ির পেছনের সুপারি বাগান থেকে এক এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. ওবায়দুল্লাহ (১৫) উপজেলার আলীনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রোহিতা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের নয়া বাড়ির পিছনের সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহান সরদার জানান, সকালের দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত দেহ সুপারি বাগানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টির তদন্ত চলছে। আশা করি, ঘটনার মূল রহস্য ও ঘটনার সঙ্গে জড়িতরা দ্রুত গ্রেপ্তার হবেন।”
