২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে একজনকে গুলি করে ‘হত্যা’, ইউপিডিএফের নিন্দা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একজনকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ধনপাদা এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 05:41 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

দীঘিনালা থানার ওসি পিয়ার আহমেদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম একটি ঘটনা আমরা শুনেছি। তবে এ ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।“   

নিহত ব্যক্তিকে নিজেদের ‘সংগঠক’ বলে দাবি করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ির আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

দলটি জানিয়েছে, নিহত জীবন ত্রিপুরা (২২) রাঙামাটির রাজস্থলী উপজেলার বটতলি গ্রামের বাসিন্দা।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা বিবৃতিতে বলেন, সকাল ৯টার দিকে ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক জীবন ত্রিপুরা সাংগঠনিক কাজে বাবুছড়া যাচ্ছিলেন। এ সময় ধনপাদা এলাকায় তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ইউপিডিএফ এ ঘটনার জন্য পাহাড়ির আরেক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা) দায়ী করেছে।

তবে এ বিষয়ে চেষ্টা করেও জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।