এবার ঈদে কক্সবাজারের হোটেল-মোটেলে আগাম বুকিং ‘কম’
এবার ঈদুল আজহার ছুটিতে হোটেল-মোটেল ও রিসোর্টে 'আগাম বুকিং কম হওয়ায়' দেশে পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজারে আশানুরূপ পর্যটক না আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিগত বছরগুলোয় ঈদের ছুটির আগে ৫০ শতাংশের বেশি কক্ষ আগাম বুকিং হলেও এবার ২০ শতাংশেরও কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কক্সবাজার হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টে ২০ হাজারের বেশি কক্ষ রয়েছে। এতে ধারণাক্ষমতা অনন্ত এক লাখ ৩০ হাজার।
“বিগত বছরগুলোয় ঈদের ছুটিতে ধারণাক্ষমতার বেশি পর্যটক সমাগম হত। এবার ঈদের ছুটিতে পর্যটক আগমনের চিত্র হতাশাব্যঞ্জক। শনিবার রাত পর্যন্ত হোটেল কক্ষে আগাম বুকিংয়ের হার ২০ শতাংশের বেশি নয়, যা বিগত বছরে ৫০ শতাংশের বেশি ছিল। আগাম বুকিংয়ের যে হার তা ঈদের ছুটির দিনগুলোতে ৫০ শতাংশের বেশি হবে না। "
হোটেল দি গ্র্যান্ড স্যান্ডি বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান জানান প্রায় একই তথ্য।
তিনি বলেন, এবার ঈদের ছুটি উপলক্ষে শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তার হোটেলে ২০ শতাংশের বেশি কক্ষ আগাম বুকিং হয়েছে।
“কক্সবাজারের অন্যান্য হোটেল-মোটেল ও রিসোর্টের আগাম বুকিংয়ের চিত্রও একই। রোববার বুকিংয়ের এ হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশা করছি। অথচ বিগত বছরগুলোয় ঈদের আগের দিন পর্যন্ত আগাম বুকিংয়ের হার ছিল ৫০ শতাংশের বেশি। এবার ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক সমাগম না হওয়ার আশংকা দেখা দিয়েছে।”
হোটেল দি কক্স টুডে এর ব্যবস্থাপক আবু তালেব বলেন, এবার তার হোটেলে ২৫ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। অথচ বিগত বছরগুলোয় বুকিংয়ের এ হার ৭০ থেকে ৮০ শতাংশ ছিল। এছাড়া ঈদের টানা ছুটিতে শতভাগ কক্ষ ভাড়া হয়ে যেত।
এবারের ঈদের ছুটিতে বুকিংয়ের হার ৫০ শতাংশের বেশি হবে না বলে মন্তব্য করেন তিনি।
আরও অনেকে একই খবর দিয়েছেন।
এবার প্রত্যাশা অনুযায়ী পর্যটক সমাগম না হওয়ার কিছু কারণ চিহ্নিত করেছেন তারা।
ব্যবসায়ী নেতা আবুল কাশেম সিকদার বলেন, “পদ্মা সেতু দেখতে মানুষের কৌতূহল রয়েছে। বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা আছে। আবা নতুন অর্থবছর ঘিরে আর্থিক লেনদেনের কারণও গুরুত্বপূর্ণ।”
আরও পড়ূন:
