ঈদে পাহাড়ে পর্যটক প্রত্যাশার চেয়ে কম
ঈদে এবার পাহাড়ে পর্যটকের আগমন প্রত্যাশার তুলনার কম হয়েছে বলে এ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তারা বলছেন, এই পাহাড়ি শহরের হোটেল মোটেল রিসোর্টগুলোতে প্রতি ঈদের আগাম বুকিংয়ের চাপে পর্যটকদের ঠাঁই দিতেই নাভিশ্বাস ওঠে, সেখানে এবার হাতেগোনা বুকিং হয়েছে।
ঈদে স্বল্পদিনের ছুটি এবং কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা। পাশাপাশি পরিবহনেও ট্যুরিস্টদের আগাম বুকিংয়ের চাপ কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাঙামাটি শহরের হোটেল স্কয়ার পার্কের সত্ত্বাধিকারী নেয়াজ আহমেদ বলেন, “এতটা খারাপ পরিস্থিতি সাম্প্রতিক সময়গুলোতে হয়নি। আমার হোটেলের বুকিং বিশ শতাংশও পেরোয়নি।”
“সম্ভবত বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানীতে থাকা দক্ষিণাঞ্চলবাসী প্রথমবার সড়কপথে ঈদ যাত্রা এবং ঈদের পর ছুটি না থাকার কারণে এই অবস্থা হয়েছে।”
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের ওসি জহিরুল আনোয়ার জানিয়েছেন।
তিনি বলেন, “যে পরিমাণ পর্যটকই আসুক না কেন, আমরা প্রস্তুত আছি। সবাই যেনো নির্বিঘ্নে আর নিরাপদে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়ে ট্যুরিস্ট পুলিশ সতর্ক থাকবে।”
সব মিলিয়ে এবার ঈদের ছুটিতে পাহাড়ের পর্যটনে খুব একটা আশাবাদের চিহ্ন নেই। তবে এটাকে সাময়িক সংকট বলে মনে করছেন পর্যটনবিষয়ক লেখক ও রাইন্যাটুগুন ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ললিত সি চাকমা।
ললিত বলেন, “যেসব সংকটের কারণে এবার ট্যুরিস্ট কম তার সবই সাময়িক, দ্রুতই এই সংকট কেটে যাবে এবং আবার মুখর হয়ে উঠবে পাহাড়ের পর্যটন।”
