২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহাসড়কে বেশি ভাড়া আদায়ের অভিযোগ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ কমে যাওয়ায় তীব্র যানজট থেকে যাত্রীদের মুক্তি মিললেও পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 03:23 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

গাড়ির সংকটের সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা ৫০০ টাকার ভাড়া দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাবি করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যাত্রীরা।

ভাড়া বেশি চাওয়ায় অনেক যাত্রীকে দীর্ঘসময় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সালনা মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. ফিরোজ হোসেন জানান, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার দিনভর যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও শনিবার তা কম ছিল। ফলে ঘরমুখো মানুষ কিছুটা স্বস্তি নিয়ে যাত্রা করতে পারছেন। তবে পরিবহন সংকটের কারণে কিছুটা বিপাকে পড়েছেন যাত্রীরা।

তিনি বলেন, “অনেকেই ট্রাক, লেগুনা, পিকআপ ভ্যান ও অটোরিকশায় করে দূরপাল্লার পথ পাড়ি দিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী, সন্তানকে নিয়ে ছুটছেন তারা।”

গাজীপুর মহানগর পুলিশের (ট্রাফিক) উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ রয়েছে। তবে যানবাহনের চাপ কমেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে রংপুর যাবেন ব্যবসায়ী আজমত আলী খান। সকালে চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী বাসের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করছেন বলে জানান তিনি।

বাড়তি ভাড়া আদায় নিয়ে অভিযোগ করে তিনি বলেন, “ময়মনসিংহ পর্যন্ত ভাড়া আগে দুইশ টাকা হলেও এখন পাঁচশ  টাকা চাচ্ছে। একই তো ভাড়া বেশি, তার উপর গাড়ি নেই। কীভাবে যাব সেই চিন্তা করছি।”

সালেহা বেগম নামের আরেক যাত্রী বলেন, “রাস্তায় যানজট কম কিন্তু ভাড়া বেশি চাচ্ছে। তারপরও বাড়ি যেতে হবে; পরিবার আছে, মা বাবা আছে। তারা অপেক্ষায় আছেন।”

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, “রাস্তা অনেকটা ফাঁকা রয়েছে, নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। আশা করছি, দুপুরের পর লোকজনের উপস্থিতিও কমে যাবে।”

যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।