আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা: জিতুকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
ঢাকার আশুলিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার জিতুকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে র্যাব তাকে আশুলিয়া থানার হস্তান্তর করার পর এই আবেদন করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই এমদাদুল হক জানান।
গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্কুলমাঠে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরদিন মারা যান উৎপল। বুধবার জিতুকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় নিহতের ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় মামলা করেন।
জিতু ওই স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। মামলার এজাহারে তার বয়স ১৬ বছর লেখা হলেও র্যাব বলছে, জিতুর জুনিয়র দাখিল পরীক্ষার সার্টিফিকেটে জন্মতারিখ ২০০৩ সালের ১৭ জানুয়ারি। সেই হিসেবে তার বয়স ১৯ বছর।
এসআই এমদাদুল বলেন, র্যাব জিতুকে হস্তান্তর করার পর পুলিশ সব কার্যক্রম শেষে তাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেছে।
“অধিকতর তদন্তের স্বর্থে তাকে রিমান্ডে চাওয়া হয়। হত্যাকাণ্ডটি পরিকল্পিত। তাই দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করা হয়েছে।”
শিক্ষক উৎপল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করতেন। স্কুলে শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করতেন তিনি। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কলেজটির শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আশুলিয়ার এই প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি।
৩৭ বছর বয়সী উৎপল ঢাকার মিরপুরে পরিবার নিয়ে থাকতেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের অজিত সরকারের ছেলে তিনি।
শিক্ষার্থী জিতু কলেজের গভর্নিং বডির সভাপতি শাহরুফ আলী মো. সুমনের ভাতিজা। তার প্রভাবে জিতু প্রভাব দেখিয়ে ইচ্ছেমত চলাফেরা করতেন এবং বিভিন্ন সময় ছোটখাটো অপরাধে জড়ালেও পারিবারিক প্রভাবে পার পেয়ে যেতেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে শিক্ষক উৎপল বিভিন্ন সময় জিতুকে শাসন করেন। সেই ক্ষোভ থেকে জিতু তাকে আঘাত করেন বলে এলাকাবাসীর ধারণা। তাছাড়া র্যাব জিতুকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েও এমন তথ্যই জানিয়েছে সাংবাদিকদের।
ঘটনার বিচার দাবিতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা দুপুরে সাভার উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচি শেষে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতারা বিভিন্ন দাবিতে সাভারের ইউএনও মাজহারুল ইসলামের কাছে স্মারকলিপি দেন।
ইউএনও বলেন, সঠিক বিচারের জন্য তারা কাজ করে যাচ্ছেন। নিহত শিক্ষকের পক্ষে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে কী কী অনিয়ম রয়েছে তা ক্ষতিয়ে দেখছে প্রশাসন।
স্কুলের অ্যাডহক কমিটি স্থগিত
হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি স্থগিত করা হয়েছে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে বলেন, গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য গত বছরের ১৪ অগাস্ট এডহক কমিটির জন্য আবেদন করা হয় ওই স্কুল থেকে। বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। সেই অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়াও স্থগিত করা হয়েছে।
আরও খবর
