শিক্ষককে পিটিয়ে খুন: আশুলিয়ার সেই ছাত্র লুকিয়ে ছিলেন গাজীপুরে বন্ধুর বাড়িতে
ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার আসামি সেই স্কুলছাত্র গাজীপুরে তার সহপাঠী এক বাল্যবন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন।
বুধবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে সেই বন্ধুর বাড়ি থেকেই ওই কিশোরকে গ্রেপ্তার করে র্যাব। ভোর থেকে ওই বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন আশুলিয়ার ওই স্কুলছাত্র।
শনিবার দুপুরের দিকে আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে উৎপল কুমার সরকারের (৩৭) ওপর দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ওই ছাত্র ক্রিকেট স্টাম্প নিয়ে হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান শিক্ষক উৎপল।
এ ঘটনায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। ওই ঘটনার পর থেকে পলাতক থাকা স্কুলছাত্রকে ধরতে পুলিশের একাধিক দল মানিকগঞ্জ, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এর মধ্যে স্কুলছাত্রের বাবা উজ্জ্বল হোসেককে বুধবার ভোরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।
শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে ওই স্কুল ছাত্রটি যে বন্ধুর আশ্রয়ে ছিলেন, সেই বন্ধুর বাড়ি নড়াইল জেলায়। শ্রীপুরের নগরহাওলা গ্রামে বড়ভাই ও বোনের সঙ্গে এক বাড়িতে ভাড়া থাকতেন বন্ধুটি। লেখাপড়া ছেড়ে দিয়ে আশুলিয়া থেকে শ্রীপুরে এসে এনআরজি স্পিনিং মিলস লিমিটেডে মেকানিক্যাল হেলপার পদে চাকরি করছিলেন তিনি।
বন্ধুটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুজন হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে একসাথে পড়াশোনা করেছে, নবম শ্রেণি থেকে তাদের বন্ধুত্ব। মঙ্গলবার ওই কিশোর তার নানার বাড়ি মানিকগঞ্জ থেকে ফোন করে নগরহাওলা গ্রামে গিয়ে কয়েকদিন থাকার ইচ্ছা প্রকাশ করেন এবং বুধবার ভোরে চলেও আসেন।
ভাড়া বাড়িতে জায়গা না হওয়ায় ওই স্কুলছাত্রকে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকা এক বড় ভাইয়ের কাছে রাখার ব্যবস্থা করেন বন্ধুটি।
ওই বন্ধু জানান, তার বিকাশ অ্যাকাউন্টে তার প্রাক্তন সহপাঠীর বাবা এক হাজার টাকাও পাঠান। ওই টাকা ওঠাতে স্থানীয় কারখানার সামনে একটি দোকানে যাওয়ার পর দেখেন, র্যাব সদস্যরা তার বন্ধুর ছবি দেখিয়ে স্থানীয়দের কাছে খোঁজ খবর করছে। তখন তিনি র্যাব সদস্যদের নিয়ে ওই বড় ভাইয়ের বাড়িতে যান। সেখান থেকেই ওই স্কুলছাত্রকে ধরে নিয়ে যায় র্যাব।
বাড়ির মালিক সিদ্দিকুর রহমান বলেন, “ছেলেটিকে আমরা চিনি না। বুধবার বিকেলে মাগরিবের নামাজের আগে হঠাৎই বাড়ির ভেতর ‘কিছু লোকজন’ এসে বিভিন্ন ঘরে তল্লাশি শুরু করে। এ সময় ঘুম থেকে ডেকে তুলে ওই ছেলেকে হ্যান্ডকাফ পরায়। পরে সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।“
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই বন্ধুটি জানান তার সহপাঠী যে এমন কাজ করেছে সে বিষয়ে তার জানা ছিল না।
নিহত উৎপল কুমার সরকার (৩৭) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
উৎপল ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, “ঘটনার দিন আমাদের স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে ওই ছাত্র।”
স্টাম্পের আঘাতে মাথা ফেটে যায় উৎপলের। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
অধ্যক্ষ বলেন, “উৎপল স্যার স্কুলের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলাসহ বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতেন। বিভিন্ন অপরাধের বিচারও করতেন। হয়ত কোনো কারণে সেই শিক্ষকের ওপর ক্ষোভ থেকে ছাত্রটি এই ঘটনা ঘটিয়েছে।“
নিহতের ভাই অসীম কুমার সরকার বলেন, “বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে জানতে পেরেছি, ওই ছাত্র মেয়েদের উত্ত্যক্ত করত, উচ্ছৃঙ্খল আচরণ করত। তাকে শাসন করায় আমার ভাইকে মেরে ফেলেছে।”
উৎপলের মৃত্যুর পর হামলাকারীর দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানেও নানা কর্মসূচি পালিত হয়েছে।
পুরনো খবর
