২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় পরিকল্পনামন্ত্রীর বাড়ি হল আশ্রয়কেন্দ্র

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান তার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাড়ি বন্যার্তদের আশ্রয়ের জন্য ছেড়ে দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2022, 12:23 AM

Updated : 14 Jul 2022, 06:29 PM

গত পাঁচ দিন ধরে বানভাসি ৪০টি পরিবার তার শান্তিগঞ্জের হিজলবাড়িতে সপরিবারে অবস্থান করছে। তাদের খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন মন্ত্রী।

গত ১৬ জুন থেকে সুনামগঞ্জে বন্যা শুরু হলে ১১ উপজেলার প্রতিটি গ্রাম প্লাবিত হয়। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য অস্থির হয়।

মন্ত্রীর পিও হাসনাত হোসাইন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মন্ত্রী মান্নান এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। সুনামগঞ্জবাসীর দুর্যোগের কথা জেনে তিনি তার বাড়িটি বানভাসি মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ছেড়ে দিয়েছেন। বর্তমানে সেই বাড়িতে ৪০টি পরিবার রয়েছে। যেখানে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় দুইশ মানুষ রয়েছেন।

আশ্রয়ের পাশাপাশি মন্ত্রী তাদের নিয়মিত খাবারেরও ব্যবস্থা করেছেন। কেউ অসুস্থ হলে বা বিপদগ্রস্ত হলে যাতে জরুরি ভিত্তিতে সেবা পায় সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

জয়সিদ্ধ গ্রামের বন্যার্ত রইছ মিয়া স্ত্রী-সন্তান নিয়ে মন্ত্রীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।

রইছ বলেন, বৃহস্পতিবার রাতে তার কাঁচা ঘরে কোমর পানি হয়ে যায়।

“আমি পরিবার নিয়ে কষ্ট করে এই অবস্থার মধ্যেই রাত পাড়ি দেই। সেখান থেকে অনেক কষ্টে মন্ত্রী সাহেবের বাড়ি এসে আশ্রয় নিয়েছি। এখানে বিশুদ্ধ পানি ও খাবারের কোনো সমস্যা হচ্ছে না। আমার মতো অনেক পরিবার এখানে আছে। দুঃসময়ে মন্ত্রী তার বসতঘর আমাদের অসহায় মানুষদের ছেড়ে দিয়ে অনেক উপকার করেছেন।”

ফতেপুর গ্রামের হোসনে আরাসহ আরও অনেকে এমনই অনুভূতির কথা বলেন। তারা অসুস্থ মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দুই বছর আগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের পৈত্রিক বাড়িটি সরকারকে দান করেন মন্ত্রী। সেখানে অসহায় ও দুস্থ নারীদের জন্য প্রশিক্ষণ সেন্টার করার কাজ বাস্তবায়নের পথে।