২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে একজনকে হত্যার দায়ে ২ ভাইয়ের যাবজ্জীবন

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় একজনকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 07:35 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুহিদুজ্জামান সোমবার বিকেলে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত বাদশা শেখ (৫০) ও কাইউম শেখ (৪৫) স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।

আদালতের পিপি খান মো. আলাউদ্দিন মামলার নথির বরাতে জানান, সোহাগদল গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ৩০ অক্টোবর লাঠির আঘাতে জাকির হোসেন (২২) নামে এক ব্যক্তি আহত হন। পরে তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় জাকিরের বাবা আব্দুল মিয়া থানায় বাদশা শেখকে প্রধান আসামি করে ১২ জনের  বিরুদ্ধে মামলা করেন।  ২০১৪ সালের ৩১ অক্টোবর মামলা তদন্ত শেষে পুলিশ সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি বলেন, বিচারে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের এই সাজা দিয়েছে।