সিলেটে বৃষ্টি কমলেও বহু এলাকা পানির নিচে
সিলেটে বৃষ্টিপাত কমায় সুরমা, সারি, লোভা ও ধলাই নদীতীরবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা নদীতীরবর্তী এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমার পানি কমলেও কুশিয়ারায় পানিবৃদ্ধি অব্যাহত আছে।
কোনো এলাকা থেকে পানি নামতে শুরু করলেও অনেক জায়গা এখনও পানির নিচে। জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও বেসরকারি স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
সার্বিক বন্যা পরিস্থিতি দেখতে মঙ্গলবার সিলেট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
পানি নেমে যাওয়ায় রোববার থেকে সিলেট স্টেশন থেকে রেল যোগাযোগ পুণরায় শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহামদ চৌধুরী জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছিল ৩০.৩৮ মিলিমিটার। আর রোববার সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয় ৯.৮ মিলিমিটার।
সরেজমিনে দেখা গেছে, সুরমা তীরবর্তী নগরীর আবাসিক এলাকাগুলো এখনও পানির নিচে। কোথাও ৫-৬ ফুট পানি, আবার কোথাও হাঁটু পানি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকাই হয়ে পড়েছে চলাচলের একমাত্র বাহন।
রোববার উপশহর এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে যান সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি উপশহর এলাকার মানুষের চলাচলের জন্য দুটি প্লাস্টিকের নৌকা দেন। সিটি করপোরেশনের কর্মীদের নৌকাগুলো দিয়ে বিনা ভাড়ায় লোকজন পারাপার করতে দেখা গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, নগরীর আশ্রয়কেন্দ্রগুলো ছাড়াও বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে লোকজনকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার লোকজন রোববার থেকে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন।
এদিকে, রোববার নগরীর সাদিপুরে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে আশ্রয়কেন্দ্র খুলেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
আশ্রয়কেন্দ্রটিতে তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর আজাদ।
গেয়াইনঘাট ইউএনও তাহমিলুর রহমানসহ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার কিছু এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম আরও জানান, কুশিয়ারা তীরবর্তী জকিগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে রোববার কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে ডাইক ভেঙে জকিগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। কোনো কোনো স্থানে ডাইকের উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে।
তিনি জানান, উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভক্তিপুর, জকিগঞ্জ ইউনিয়নের রারাই, বারঠাকুরীর পিল্লাকান্দি, কাজলসারের বড়বন্দ এলাকা দিয়ে কুশিয়ারা নদীর পানি ঢুকছে।
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, জেলায় (সিটি করপোরেশন বাদে) ৪৯৭টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে রোববার পর্যন্ত আশ্রয় নিয়েছেন ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন বন্যার্ত। মানুষের পাশপাশি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩১ হাজার গবাদি পশুরও ঠাঁই হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, বন্যাকবলিত এলাকার লোকজনের চিকিৎসাসেবার জন্য জেলায় ১৪০টি মেডিকেল টিম কাজ করছে। ত্রাণ হিসেবে রোববার পর্যন্ত ৬১২ মেট্রিক টন চাল, ৮ হাজার ১১৮ প্যাকেট শুকনো খাবার ও নগদ ৯২ লাখ টাকা পাওয়া গেছে। ইতোমধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ হয়ে গেছে। নগদ টাকার মধ্যে ৫৬ লাখ ৫০ হাজার টাকা হাতে আছে। এছাড়া বন্যার্তদের মধ্যে আড়াই লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান সিলেট আসছেন। তিনি দুইদিন সিলেটে অবস্থান করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন এবং দিকনির্দেশনা দেবেন। পাশপাশি তিনি ত্রাণ বিতরণও করবেন।
দুপুর থেকে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলী আবদুল কাদির জানিয়েছেন, কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রটি চালু হওয়ায় আলোকিত হয়েছে সিলেট নগরী। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ধীরে ধীরে নগরীর বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বর্তমানে নগরীর প্রায় ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে।
তিনি বলেন, “পানি যেভাবে কমছে তাতে সোমবারের মধ্যে বাকি ১০ ভাগ এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।”
তিনি আরও জানান, শহরে বিদ্যুৎ সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও দক্ষিণ সুরমাসহ বন্যাকবলিত উপজেলাগুলোতে এখনও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সীমিত পরিসরে উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
আর সুনামগঞ্জের পুরোটাই প্রায় বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী আবদুল কাদির।
আরও পড়ুন:
