পানি নেমেছে, সিলেট স্টেশন থেকে চলছে ট্রেন
বন্যার পানি ওঠায় সিলেট রেল স্টেশন থেকে বন্ধ থাকা ট্রেন চলাচল একদিন পর ফের চালু হয়েছে।
রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে এই স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
শনিবার স্টেশনে বন্যার পানি উঠায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত থেকে স্টেশন থেকে পানি নামতে শুরু করে। রোববার সকালের দিকে পানি পুরোপুরি নেমে গেছে।
নুরুল ইসলাম জানান, বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট স্টেশন থেকে পারাবত এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
তিনি জানান, শনিবার সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত বেশ কয়েক জায়গায় রেললাইন বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে; যে কারণে সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
গত বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়; বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ওসমানী বিমানবন্দরসহ নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়।
শুক্রবার বিকাল থেকে তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠা-নাম বন্ধ ঘোষণা করা হয়।
