সিলেটে ত্রাণ বিতরণে সেনাপ্রধান, সবাইকে এগিয়ে আসার আহ্বান
বন্যাদুর্গত সিলেটে ত্রাণ ও উদ্ধার কাজ পরিদর্শনে গিয়ে সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।
রোববার সিলেটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা সেনাবাহিনীর প্রধান পরিদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
পরিদর্শনকালে সেনাপ্রধান কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ও নিকটবর্তী বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মকভাবে আত্মত্যাগের মাধ্যমে সহায়তার নির্দেশনা দেন।
জেনারেল শফিউদ্দিন বলেন, “আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে কাজ করি, এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। তাই সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
বন্যা পরবর্তী সব ধরনের সহায়তা কার্যক্রম চালানোর আশ্বাসও স্থানীয়দের দেন সেনাবাহিনী প্রধান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, ১৭ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল হামিদুল হক ও সেনাসদরের সামরিক কর্মকর্তা ও সিলেট জেলার পুলিশ সুপার।
আইএসপিআর জানায়, গত ১৭ জুন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট অঞ্চলের ১৭ পদাতিক ডিভিশন সিলেট জেলার সিলেট সদর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জয়িন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা বাজার, দিরাই ও জামালগঞ্জ উপজেলা এবং কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।
সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন হতে সিলেট এলাকায় উদ্ধার কাজে সহায়তার জন্য বিভিন্ন নৌযান মোতায়েন করা হয়েছে।
এছাড়াও, কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছে। নৌবাহিনীর একটি দল সিলেট এলাকায় সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে অংশ নিচ্ছে।
আইএসপিআর জানায়, নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৮ জুন থেকে ঘাটাইল অঞ্চল হতে ১৯ পদাতিক ডিভিশনের ১২৫ জন সেনাসদস্য খালিয়াজুরী উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা দিচ্ছে।
সেনাবাহিনীর সদস্যরা ১৮ জুন সুনামগঞ্জ থেকে এমআইএসটির ১৫ জন শিক্ষার্থী এবং ১৯ জুন সুনামগঞ্জের ছাতকে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
এছাড়া সিলেট ও সুনামগঞ্জ থেকে ২ হাজার ১০ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও আইএসপিআর জানায়।
