২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড পরীক্ষা

ভারী বর্ষণে উজানের ঢলে সিলেটসহ দেশের কয়েক এলাকায় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বি.এড দুটি বর্ষের দুই সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 03:17 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনংসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২০ সালের বি.এড প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।“

স্থগিত এই দুটি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানান হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার বন্যার কারণে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ভারতের মেঘালয় ও আসামে রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার সিলেট অঞ্চলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে। সিলেটের বিভাগীয় কমিশনারের হিসাবে, সিলেট ও সুনামগঞ্জের ৩৫ লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সিলেট নগরীসহ ১৩ উপজেলায় মোট ১০ লাখ মানুষ এখন পানিবন্দি বলে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় এবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগপূণ আবহাওয়ায় নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দি জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহু গুণ।

এদিকে, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন দুই লাখ মানুষ।

আর বর্ষার শুরুতে দুদিন ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁওসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

বন্যায় স্থগিত এসএসসি পরীক্ষা  

টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা  

এবার বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন  

সিলেটে বন্যা দুর্গতদের উদ্ধারে নৌকা সঙ্কট  

কুড়িগ্রামে পানিবন্দি ২ লাখ মানুষ, খাদ্য বিশুদ্ধ পানির সংকট