কুড়িগ্রামে পানিবন্দি ২ লাখ মানুষ, খাদ্য বিশুদ্ধ পানির সংকট
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন দুই লাখ মানুষ। বানভাসী এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২২ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত তিন দিনে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের নয় উপজেলার ৩০টি ইউনিয়নের ১৫০টি গ্রামের প্রায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং ৬০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে বলে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার জানান।
“এই পরিস্থিতিতে উপাজেলা প্রশাসন থেকে রৌমারীতে ৬ হাজার এবং সদর উপজেলায় প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে।”
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের এক হাজার দুইশ বাড়ি পানিতে ডুবে গেছে এবং প্রায় ৬ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর জানান।
এদিকে বন্যার পানি ঢুকে পড়ায় জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে বেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর একটি প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামছুল আলম জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, তারা দুর্গত এলাকা পরির্দশন করে এরই মধ্যে উদ্ধার ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম দুপুরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যাত্রপুর ইউনিয়নের পোড়ারচর, রলাকাটা এলাকার বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ করেন।
পাশপাশি বন্যা কবলিতদের চিকিৎসা সেবা দিতে ৮৫টি মেডিকেল টিম কাজ করছে বলে সিভিল সার্জন ডা. মো. মনজুর এ মুর্শেদ সাংবাদিকদের জানান।
বন্যায় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নয় উপজেলার বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য ২৯৫ মেট্রিকটন চাল, নগদ ১৪ লাখ ৫০ হাজার টাকা, এক হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয় বাবদ ১৮ লাখ ৯৫ হাজার টাকা এবং গোখাদ্য ক্রয় বাবদ ১৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
“বর্তমানে ৮ লাখ টাকা এবং ৩০৮ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। আরও পাঁচশ মেট্রিকটন চাল, ১০ লাখ টাকা ও ১০ হাজার প্যাকেট শুকনো খাবার নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে।”
