২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ কর্মীকে গুলি: এলডিপি মহাসচিব রেদোয়ানের জামিন

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় জামিন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 01:56 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বুধবার বেলা ১১টায় কুমিল্লার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ সাবেক এই প্রতিমন্ত্রীর অস্থায়ী জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন তার আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু।

আইনজীবী বলেন, “রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হৃদযন্ত্রে তিনটি রিং ও পেসমেকার বসানো রয়েছে। কারাগারে যেকোনো মুহূর্তে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন।”

“এরই মধ্যে তিনি কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা আদালতকে বুঝাতে সক্ষম হয়েছে। আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেন।”

চান্দিনা উপজেলার এলডিপি নেতা জামশেদ আহমেদ জাকি বলেন, রেদোয়ান আহমেদের জামিন হয়েছে। বিকেলের মধ্যেই তিনি কারাগার থেকে মুক্তিলাভ করতে পারেন। সব কাগজপত্র প্রস্তুত।

এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিন আবেদন করেছিলেন রেদোয়ান আহমেদ।

৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুরের পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন।

দুপুর আড়াইটায় রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে এলডিপি নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ উত্তেজিত হয়ে ওঠার পর রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

এরপর তিনি জনতার রোষ থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় নেন এবং পুলিশ তাকে আটক করে। পরে এ ঘটনায় মামলা হয়।

২০০১ সালে রেদোয়ান বিএনপির মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই সরকারের শাসনামলের শেষ দিকে বিএনপি থেকে বেরিয়ে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন। এই দলটি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে।

আরও পড়ুন:

কুমিল্লায় ছাত্রলীগ কর্মীকে গুলি: রেদোয়ানসহ ৪ জন কারাগারে  

এলডিপির রেদোয়ানের গুলিতে ক্ষমতাসীন দলের ২ কর্মী আহত