পদ্মা সেতু উদ্বোধন: শরীয়তপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠান
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে জেলা প্রশাসন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় এ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ জুন সেতু উদ্বোধনের পর বিকেলে জেলা স্টেডিয়ামে হবে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া ২৬ ও ২৭ জুনও স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
শরীয়তপুরের ডিসি মো. পারভেজ হাসান বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশ নেবেন। জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করবে। সকল শ্রেণি-পেশার মানুষকে এতে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে।”
ডিসি মো. পারভেজ হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সভায় ছিলেন।
তাছাড়া সাংবাদিকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সভায় যোগ দেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন অপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার।
