২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোংলায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে যুবক নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2022, 12:05 PM

Updated : 02 Aug 2022, 03:18 PM

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান।

নিহত মোতাহার সরদার (৪২) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের ইনছান সরদারের ছেলে।

বুধবার সকালে পরিদর্শক বলেন, বকুলতলা গ্রামের একটি ঘের নিয়ে ফরিদ শেখের সঙ্গে আব্দুল্লাহ শেখের বিরোধ ছিল। সেই বিরোধপূর্ণ ঘেরে গৈঘর বাঁধাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।

আহত মোতাহারকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

“পুলিশ রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বুধবার লাশের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পরিদর্শক।

এ বিষয়ে চেষ্টা করেও ফরিদ শেখ ও আব্দুল্লাহ শেখের বক্তব্য জানা যায়নি।