২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ পুলিশকে পিটিয়ে ‘মাদক বিক্রেতা’কে ছিনতাই

হবিগঞ্জের চুনারুঘাটে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ ‘মাদক বিক্রেতা’কে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 01:36 AM

Updated : 28 Apr 2022, 11:59 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল।

গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, “সন্ধ্যায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পায় পুলিশ। পরে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ জন পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ ১৫ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়।”

হামলাকারীরা হ্যান্ডকাপসহ মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানান ওসি।