২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে চাকরি পাচ্ছেন চা বিক্রেতা অভি

তিন বছর আগে বাবা মারা গেছেন। বাড়ি ভিটা ছাড়া কোনো জমি নেই। বাবা জীবিতকালে ২০০৮ সালে গাজীপুর নগরীর মাস্টাবাড়ি বাসস্ট্যান্ডে একটি চা-পানের দোকান দেন। তাতেই চলে মিরাজ হোসেন অভিদের সংসার আর লেখাপড়ার খরচ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 12:05 AM

Updated : 28 Apr 2022, 11:59 PM

অভি এবার পুলিশে চাকরির পরীক্ষায় প্রামিকভাবে উত্তীর্ণ হয়েছেন। গাজীপুরের মাস্টারবাড়ি এলাকার এই চা বিক্রেতা এ বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন।

বুধবার গাজীপুর পুলিশ লাইনসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে অভি চূড়ান্ত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

চূড়ান্ত বাছাই পরীক্ষার ফলাফল ঘোষণা করেতে গিয়ে গাজীপুর পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় মোট দুই হাজার ৪৪২ জন আবেদন করেছিলেন। তাদের মধ্যে শারীরিক বাছাইয়ে যোগ্য হন ৬৫৯ জন। এরপর লিখিত পরীক্ষায় ৬৫৮ জন অংশ নিয়ে ২৪৬ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং ২০ জন নারী। সর্বশেষ তাদের মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে চূড়ান্ত বাছাই করা হয়েছে ৯৪ জন পুরুষ ও নারীকে।

“এ নিয়োগ পরীক্ষায় যোগ্যদেরই প্রাথমিকভাবে চূড়ান্ত বাছাই করা হয়েছে। চাকরি প্রার্থীরা মাত্র ১৫০ টাকা সরকারি কোষাগারে জমাদানের মাধ্যমে কোনোরূপ তদবির ও দুর্নীতি ছাড়া মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে পুলিশ বাহিনীতে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন।”

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার জানান, প্রাথমিকভাবে চূড়ান্ত বাছাইয়ে নির্বাচিতদের মেডিকেল টেস্ট, ডোপ টেস্ট করে পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হবে তথা নিয়োগ চূড়ান্ত করা হবে।

পুলিশে চাকরি নেওয়ার কারণ বলতে গিয়ে অভি বলেন, স্কুলজীবন থেকেই পুলিশের চাকরির প্রতি দুর্বলতা ছিল। এ পেশায় মানুষের সেবা ও দেশের উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করা যায়।

“এ অকাঙ্ক্ষা থেকেই পুলিশে চাকরির আবেদন করি। আমার সেই ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। এজন্য আমি অত্যন্ত খুশি। এ চাকরির  জন্য মাত্র ৩০ টাকা খরচ করে আবেদন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আরও ১২০ টাকাসহ মোট ১৫০ টাকা খরচ হয়েছে।”