২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার অনন্ত বিজয় হত্যার রায় বুধবার

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার রায় ঘোষণার জন্য বুধবার দিন রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 09:07 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

হত্যাকাণ্ডের সাত বছর পর সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার রায় দিবেন বিচারক নুরুল আমীন বিপ্লব।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) মুমিনুর রহমান টিটু সাংবাদিকদের বলেন, গত ১৪ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন বিচারক।

“রাষ্ট্রপক্ষ আদালতে আসামিদের অপরাধ প্রমাণে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আশা করছি, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”

অনন্ত বিজয়ের পরিবারও ন্যায়বিচার প্রত্যাশা করছে।

সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার ২০১৫ সালের ১২ মে বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। পাশাপাশি তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন।

হত্যার পরদিন ২০১৫ সালের ১৩ মে তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে।

Image
অনন্ত বিজয় দাশ।

অনন্ত বিজয় দাশ।

শুরুতে মামলাটি পুলিশের হাতে থাকলেও পরে তা অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। মামলা হাতে নিয়ে তদন্তে নামেন সিআইডির পরিদর্শক আরমান আলী। তদন্ত সাপেক্ষে অনন্ত বিজয় হত্যা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৯ মে  আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। আসামিরা সবাই সিলেটের বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।

আসামিদের মধ্যে ফারাবী বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি।

এই ছয়জনের মধ্যে গ্রেপ্তারের পর মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তবে ২০১৭ সালের ২ নভেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মান্নান রাহী মারা যান।

অপর পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন আবুল খায়ের রশীদ আহমদ ও সফিউর রহমান ফারাবী।

আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ নামের তিন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পলাতক রেখেই মামলার বিচারকাজ শেষ হয়েছে।

পিপি মুমিনুর রহমান জানান, বহুল আলোচিত এ মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে আদালত সাক্ষী নিয়েছে ২৪ জনের।

বাদীপক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন জানান, আসামিদের মধ্যে মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আশা করি, আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল আহাদ বলেন, “আসামিদের নির্দোষ প্রমাণে আদালতের কাছে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আশা করছি, আদালত রায়ে এর প্রতিফলন ঘটাবেন। আসামিরা ন্যায়বিচার পাবেন।”

আরও পড়ুন

ব্লগার অনন্ত বিজয় হত্যার রায় ৩০ মার্চ  

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার যুক্তিতর্ক শুরু  

অভিজিত হত্যার আসামি অনন্ত হত্যায়ও  

অনন্ত হত্যার বিচার দাবি নিউ ইয়র্কে  

লেখক-ব্লগার হত্যা: বিচারে গতি নেই  

ব্লগার অনন্ত হত্যার ২ বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ  

ব্লগার হত্যা: এগোচ্ছে না তদন্ত  

অনন্ত বিজয় হত্যা মামলা: যুক্তিতর্ক পিছিয়েছে