২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানকে সাপ পাঠিয়ে যুবক আটক

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বাক্সবন্দি সাপ পাঠিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 12:06 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডল জানান, সোমবার বিকাল পৌনে ৫টার দিকে তাকে প্রায় পাঁচ ফুট লম্বা এই সাপ পাঠানো হয়।

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী শ্যামল কুমার বিশ্বাস বলেন, “বয়স্ক এক ভ্যানচালক কাগজের একটি কার্টন এনে বলেন, ‘গোপালপুর বাজার থেকে এক লোক চেয়ারম্যান সাহেবকে উপহার পাঠিয়েছেন।’ কার্টনের ওপরে লেখা ‘দই’।”

শ্যামল কুমার বলেন, “চেয়ারম্যান কার্টন খুলতে বলেন। আমি ও আমার আরেক সহযোগী বাবুল শেখ কার্টনটি খুলে সাপ দেখতে পাই। এ সময় বাবুল চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ বলছে এটি দাঁড়াশ সাপ। আবার অনেকেই বলছে গোখরা।”

পরে ওই ভ্যান চালককে সঙ্গে নিয়ে গোপালপুর বাজারে গিয়ে সেই ব্যক্তিকে খুঁজে পান জানিয়ে তিনি বলেন, “তার নাম জরুরউদ্দিন বেপারী (৩৩)। তিনি গোপালপুর গ্রামের আদেল উদ্দীনের ছেলে।

“তাকে ধরে এনে গজারিয়া বাজারে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।”

সে সময় চেয়ারম্যান কাইমুদ্দিন সেখানে ছিলেন না।

চেয়ারম্যান বলেন, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। শ্যামল তাকে ফোন করে ঘটনা জানান।

“ওই লোককে চিনি না। কেন বা কী কারণে ওই লোক এমন কাজ করেছেন তা স্বীকার করেননি। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

চেয়ারম্যা বলেন, তার তেমন কোনো শত্রু নেই।

“কেন যে ওই লোক এমন কাজ করলেন তা আমি বুঝে উঠতে পারছি না।”

সাপটি ‘তাজা ছিল, পরে মারা হয়েছে’ বলে তিনি জানান।

নগরকান্দার থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, “ঘটনা শুনেছি। ওটা কী সাপ ছিল তা জানি না। শুনেছি দাঁড়াশ সাপ। তবে এ বিষয়ে চেয়ারম্যান থানায় কোনো অভিযোগ দেননি।”