২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তলের ‘গুলির শব্দে’ অসুস্থ হয়ে পুলিশ সদস্য হাসপাতালে

বরিশালে নিজ পিস্তলের গুলির শব্দে ‘আতঙ্কিত হয়ে’ এক পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 04:14 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুর রহমান জানান, নগরীর কোতোয়ালি থানায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনায় অসুস্থ সেলিম রেজাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিম বরিশাল নগরীর কোতয়ালি থানার এএসআই।

উপ-কমিশনার বলেন, “সেলিম দায়িত্ব পালন করে রাত ৮টার দিকে থানায় ফেরেন। পরে থানা ভবনের দ্বিতীয় তলায় ওঠার সময় সিঁড়িতে পড়ে যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা সরকারি পিস্তল থেকে ‘মিস ফায়ার’ হলে গুলির শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। 

“পরে অন্যান্য পুলিশ সদস্যরা সেলিমকে তাৎক্ষণিক উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন।”

তবে সেলিম আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কিভাবে পিস্তল থেকে গুলি বের হল এমন প্রশ্নে তিনি বলেন, “অসর্তকতা বসত পিস্তলটি নিচে পড়ে গিয়ে মিস ফায়ার হতে পারে। সেলিম পুরোপুরি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।”

এ বিষয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. নাজমুল আহসান জানান, সেলিম গুলির শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।