২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্বাধীনতা দিবসে গাইলেন জেমস, সুমি

বাগেরহাটে স্বাধীনতা দিবসের হাজার দর্শক উপভোগ করেছেন জেমসের নগর বাউল, সুমির চিরকুট আর লালন একাডেমি দলের শিল্পীদের গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 12:29 AM

Updated : 25 Oct 2022, 10:20 AM

গানের ফাঁকে ফাঁকে ছিল চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও পপির নৃত্য। তাছাড়া গভীর রাত পর্যন্ত পরিবেশন করা হয় আকর্ষণীয় লেজার শো।

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শনিবার বিকালে এ কনসার্টের আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু বলেন, “কনসার্টটি বাগেরহাটের ইতিহাসে সবথেকে বড় আয়োজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা এই কনসার্টের আয়োজন করি। তরুণ প্রজন্মের কাছে দেশের সুপরিচিত তিনটি সংগীত দলকে একসাথে আনতে পেরে আমরা আনন্দিত।”

বাগেরহাট ছাড়াও গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুর ও যশোর থেকে অনেকে আসেন কনসার্ট উপভোগ করতে।

শনিবার বিকাল ৩টা থেকে দর্শকরা মাঠে যেতে শুরু করেন। সন্ধ্যার আগে আগে পরিপূর্ণ হয়ে যায়।

কনসার্টে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

অনুষ্ঠানে আসা মিম আক্তার নামে এক তরুণী বলেন, “আমি চিরকুটের গান ইউটিউব ও ফেইসবুকে শুনেছি। আজ সরাসরি তাদের গান গুনলাম। গান শুনে আমি সত্যিই দারুণ আনন্দিত।”

জেমসের গান এই দিনই প্রথম সরাসরি শুনলেন বলে জানান আহনাফ আদেল হায়দার নামে এক তরুণ।

তিনি বলেন, “আমি রকস্টার জেমসের গান ইউটিউবে শুনে ভক্ত হয়ে যাই। এমন একজন বিখ্যাত ব্যান্ড তারকার গান সরাসরি উপভোগ করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। আজ আমি আমাদের বন্ধুদের সঙ্গে নগর বাউলের গুরু জেমসের গান সরাসরি শুনতে পেরে উচ্ছ্বসিত।