২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে স্কুলে ট্রাক চাপায় শিক্ষিকা-শিক্ষার্থী নিহতে মামলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলে ঢুকে পড়া ট্রাকের চাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 06:40 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

মঙ্গলবার নিহত শিক্ষিকা ফাতেমা নাসরিনের স্বামী আওলাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন বলে শিবালয় থানার ওসি মো. শাহিন জানিয়েছেন। 

মামলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শহিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর কর্মকর্তা মফিজুল ইসলাম ও ট্রাকচালক জুয়েলসহ অজ্ঞাত পরিচয় আরও চার/পাঁচজনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলেও জানান ওসি।

এদিকে, দুর্ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। 

জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান।

মানিকগঞ্জে স্কুলে ট্রাকচাপায় শিক্ষিকা শিক্ষার্থীর মৃত্যু  

মামলার বিষয়ে নিহত শিক্ষিকার  স্বামী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, সড়ক উন্নয়নকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্কুলের আঙিনায় ট্রাক পার্কিংয়ের জন্য বাড়তি অর্থের লোভে ভাড়া দেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান।

“ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালানো আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের লোভের কারণে এ ঘটনা ঘটেছে।” 

সোনালী ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলামের মেয়ে নিহত শিক্ষার্থী জারিন তাসনিম। পরিবারের সবাই একমাত্র মেয়েকে হারিয়ে শোকে নির্বাক হয়ে গেছেন। মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শহিদুল ইসলাম। 

সোমবার সকাল ১০টার দিকে শিবালয়ের টেপড়া এলাকায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে একটি ট্রাক ঢুকে পড়ে কয়েকজনকে চাপা দেয়।

এতে ওই স্কুলের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) এবং অগ্রণী ব্যাংক টেপড়া শাখার ম্যানেজার শহীদুল ইসলামের মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জেরিন তাসনীম (৭) নিহত হয় এবং আরও পাঁচজন আহত হয়।