মানিকগঞ্জে স্কুলে ট্রাকচাপায় শিক্ষিকা শিক্ষার্থীর মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলের ভেতরে ট্রাক চাপায় শিক্ষিকা ও এক শিক্ষার্থীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে বলে শিবালয় থানার ওসি মো. শাহিন জানান।
মৃতরা হলেন উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ওই স্কুলের শিক্ষিকা ফাতেমা নাসরিন (৩৫) এবং অগ্রনী ব্যাংক টেপড়া শাখার ম্যানেজার শহীদুল ইসলামের মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জেরিন তাসনীম (৭)।
আহতদের শিবালয় উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেপড়া এলাকার ইন্টারনেট ব্যবসায়ী তানভীর বলেন, স্কুলে ট্রাকচাপায় দুজনের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে এক শিশুর লাশ এবং কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ওসি বলেন, ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
