২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড প্রণোদনা: ফরিদপুর মেডিকেলে পরিচালকের কক্ষে নার্সদের বিক্ষোভ

করোনাভাইরাস মহামারীর সময়ে ঘোষিত প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে বিক্ষোভ করেছেন নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 02:16 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন বলে জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল জলিল।

ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। এ সময় হাসপাতালটিতে রোগীদের সেবা বন্ধ থাকে।

আব্দুল জলিল বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ১০ দিনের সময় নেওয়া হয়েছে। তারা এখন কাজে ফিরে গেছেন।”

হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আফসানা আক্তার সান্তা বলেন, “যারা করোনাভাইরাসের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি ৬০ লাখ টাকা প্রতিষ্ঠানটির অনুকূলে বরাদ্দ করা হয় গত বছরের জুলাইয়ে।

“কিন্তু আমাদের পরিচালকের খামখেয়ালির কারণে সেই টাকার মধ্যে এক কোটি টাকা ফেরত চলে যায়। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, পাশাপাশি আমাদের ন্যায্য পাওনা পাওয়ার প্রত্যাশা করছি।”

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বলেন, “টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরেই কিছু স্টাফরা বিক্ষোভ করেছে।”

প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং শিগগিরই বিষয়টির সমাধান হবে বলে জানান তিনি।