‘দায়িত্ব পালনে অস্বস্তিবোধ’, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের পদত্যাগ
দায়িত্ব পালনে অস্বস্তিবোধের কথা উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আবু তাহের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এফ. এম. আব্দুল মঈনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগপত্রে মঙ্গলবার [২৩ মার্চ] থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে উপাচার্য অধ্যাপক এ. এফ. এম. আব্দুল মঈন জানান।
পদত্যাগকারী রেজিস্ট্রার পদার্থ বিজ্ঞানের এই অধ্যাপক বলেন, “প্রশাসনিক এই পদটিতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এতদিন দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার নামে বিভিন্ন মহলে মিথ্যা তথ্য প্রচার, উপাচার্যের সাথে রেজিস্ট্রার হিসেবে যে সমন্বয় থাকার কথা, সেটি না হওয়ায় বর্তমানে আমি দায়িত্ব পালনে অস্বস্তিবোধ করছি। তাই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি।”
উপাচার্য এ. এফ. এম. আব্দুল মঈন বলেন, “কেউ পদত্যাগ করতে চাইলে সেটি অবশ্যই গ্রহণ করতে হবে। রেজিস্ট্রার তার পদে থাকতে চাইছেন না। তবে অস্বস্তিবোধ করার বিষয়টি তিনি কেন বলেছেন সেটি আমার জানা নেই।”
বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি অধ্যাপক আবু তাহেরের অপসারণ এবং কর্মচারীদের মধ্য থেকে নতুন রেজিস্ট্রার করার দাবি আন্দোলন করছে। এর ধারাবাহিকতায় দুই মাস আগে তারা রেজিস্ট্রারের কাযালয়ে তালা দেন। পরে আবার তালা দেওয়াকে কেন্দ্র করে কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। পাঁচ দিন পর কয়েকটি শর্ত দিয়ে তালা খুলে দেওয়া হয়।
ওই সময় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেছিলেন, “আমরা বর্তমান রেজিস্ট্রারের অপসারণ চাই, পাশাপাশি কর্মকর্তা থেকে রেজিস্ট্রার চাই। কর্মকর্তাদের মধ্য থেকে রেজিস্ট্রার হলে আমাদের দাবি-দাওয়া পূরণ হবে। রেজিস্ট্রার আসার পর থেকে গত ৪ বছরে আমরা আশ্বাস ছাড়া কিছুই পাইনি। তাই আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিত করা হয়েছে।”
