২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তান খুন: মামলার আসামি স্বামী গ্রেপ্তার ঢাকায়

গাজীপুরে এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা মামলায় রিকশাচালক মো. মফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 12:08 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

সোমবার রাত ১১টায় ঢাকার তেজগাঁওয়ের নয়াটোলা আমবাগ এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে মফিজকে গ্রেপ্তার করা হয় বলে গাছা থানার এসআই শাহ ফরিদ জানান।

পেশায় রিকশাচালক মফিজ উদ্দিনের (৬০) বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন।

রোববার রাত ১টার দিকে ওই এলাকার বাসা থেকে মফিজের স্ত্রী রহিমা বেগম (৪০) ও ছেলে রোকনের (১৬) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুরে রহিমার বড় ভাই রাসেদুল ইসলাম বাদী হয়ে মফিজের বিরুদ্ধে গাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআই বলেন, “রোববার রাতে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর পালিয়ে ঢাকায় চলে আসে রিকশাচালক মফিজ। ছদ্মবেশ ধরতে গোঁফ ও দাড়ি ছেঁটে ফেলেন। ঘটনার পর থেকে গাছা থানা পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকার রিকশার গ্যারেজে নজরদারি শুরু করে। এক পর্যায়ে মফিজকে গ্রেপ্তার করা হয়।“

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গাছা) আহসানুল হক বলেন, “স্ত্রীর সঙ্গে মফিজের প্রায়ই কলহ হত। রোববার রাতে মফিজ একটি নতুন বটি কিনে আনেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে রহিমা ও রোকনকে ওই বটি দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান। পালানোর সময় তার আট বছর বয়সী ছেলে আলামিন ও পাঁচ বছরের মোরশালিনা ঘটনাটি দেখে আশপাশের মানুষকে জানায়।”