মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
মানিকগঞ্জের সিঙ্গাইরে ইট ভরতি ট্রাকের ধাক্কায় এক শুঁটকি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার বলধারা ইউনিয়নের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল দেওয়ান (৫০) ওই ইউনিয়নের খৈয়ামুরি গ্রামের মৃত সমুর উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে সিঙ্গাইর থানার এসআই শাহজালাল মিয়া বলেন, বাবুল দেওয়ান দীর্ঘদিন যাবৎ সাইকেলযোগে উপজেলার বিভিন্ন বাজারে শুঁটকি মাছের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার ভোরে সাইকেলে স্থানীয় গোলাইডাঙ্গা বাজারে যাওয়ার সময় আমতলা মোড়ে পৌঁছালে ঢাকামুখী একটি ইট ভরতি ট্রাক তাকে ধাক্কা দেয়।
“স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
নিহতের স্বজনদের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
