২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

তিনদিন ছুটির কারণে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় গাড়ির তীব্র জট সৃষ্টি হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 02:32 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

বুধবার রাত থেকে পাটুরিয়া ঘাটে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু-দিবস, শবে বরাত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটিতে মানুষের চাপ বেড়েছে পাটুরিয়ায়। বিশেষ করে ছোট গাড়ির চাপ অনেক বেশি। পাটুরিয়া ঘাট ও সড়কে দুইশ’র মতো ছোট গাড়ি, একশ’র মতো বাস ও পাঁচ শতাধিক ট্রাক পরাপারের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায়ও যানজট রয়েছে বলে জানান রাসেল।

এদিকে বিআইডব্লিউটিসির (দৌলতদিয়া ঘাট) সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে  কয়েকদিন ধরে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে। বাস আর ছোট গাড়ি অগ্রাধিকার দিয়ে ট্রাক আটকে রাখতে হচ্ছে।