২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিববর্ষের সমাপনী: ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী মুজিববর্ষ উদযাপনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাপনীর আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 07:07 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় এই সমাপনী অনুষ্ঠান হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন অনু্ষ্ঠানে এবং জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। 

এ উপলক্ষে বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক কামাল আব্দুল নাসের।  

গত বছরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ একযোগে পালন করে বাংলাদেশ। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে সরকার। পরে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষের সময় বাড়ানো হয়।

সংবাদ সম্মেলনে কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, “মুজিব শতবর্ষ উপলক্ষে গত বছর অনেক পরিকল্পনা গ্রহণ করেছিলাম। পরিকল্পনাগুলোর মধ্য আমরা কিছু বাস্তবায়ন করেছি। করোনার কারণে সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে গেছে। তাই আমরা অনেক কিছু করতে পারিনি।”

সারা পৃথিবীতে নানা আয়োজনের মাধ্যমে মুজিববর্ষ উদযাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মুজিববর্ষে বিভিন্ন দেশও আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তবে আমরা যে আয়োজনগুলো করেছি তার মধ্যে আমাদের বিশাল একটা অতৃপ্তি ছিল। সে অতৃপ্তিটা হচ্ছে আমরা জাতির পিতার সমাধি সৌধে এসে তার প্রতি সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারিনি। তাই এবার বাস্তবায়ন কমিটিসহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্টজনের সহায়তায় মুজিববর্ষের সমাপনী আয়োজন করেছি, যার মূল থিম [প্রতিপাদ্য] হচ্ছে ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’।”

তিনি আরও বলেন, “আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে ঘিরে আমাদের আয়োজন ভিন্ন মাত্রায় নিয়ে যাব। এ ছাড়া  ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’র মাধ্যমে অনুষ্ঠানটিকে চিরস্মৃতিময় করে রাখতে চাই।”

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজকরা জানান, মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠান শুরু হবে ১৭  মার্চ দুপুর আড়াই টায়। বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিববর্ষের সমাপ্তি টানা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ও টুঙ্গিপাড়ার শিশু শিল্পী অংশগ্রহণ করবেন।